এনসিপি মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আজ ভোরে অনুষ্ঠিত এক জরুরি সংবাদ সম্মেলনে কথা বলেন।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হবে, এনসিপি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা থেকে তাকে সহযোগিতা করবে।
রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আজ ভোরে অনুষ্ঠিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা পরিষ্কারভাবে বলতে চাই, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যেই ক্ষমতায় আসুক, জাতীয় নাগরিক পার্টি গণতন্ত্রের স্বার্থে সরকার ও রাষ্ট্র পরিচালনায় সহযোগিতা করবে। তবে, নির্বাচন অবশ্যই শতভাগ সুষ্ঠু হতে হবে।
আসিফ মাহমুদ বলেন, কিছু আসনে কেন্দ্র পর্যায়ে গণনা শেষ হলেও ফলাফল ঘোষণায় বিলম্ব হয়েছে, যা দলীয় নেতাকর্মীদের মধ্যে প্রশ্নের জন্ম দিয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্পষ্ট ব্যাখ্যা প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরো অভিযোগ করেন, কিছু কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পোলিং এজেন্টদের আপত্তির প্রেক্ষিতে পুনরায় গণনা করা হয়েছে।
এনসিপির এই নেতা নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যেসব আসনে এ ধরনের অভিযোগ উঠেছে, সেসব বিষয়ে চূড়ান্ত ফলাফল ঘোষণার আগে পূর্ণাঙ্গ তদন্ত করা উচিত। যতক্ষণ পর্যন্ত বিষয়গুলো সঠিকভাবে খতিয়ে দেখা না হচ্ছে এবং সুস্পষ্ট ব্যাখ্যা না দেওয়া হচ্ছে, ততক্ষণ সংশ্লিষ্ট আসনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করার আহ্বান জানাই।
তিনি আরো বলেন, কয়েকটি আসনে জয়-পরাজয়ের ব্যবধান ছিল কয়েকশ থেকে কয়েক হাজার ভোটের মধ্যে। এ ধরনের পরিস্থিতিতে কেন্দ্রভিত্তিক ফলাফল, রিটার্নিং কর্মকর্তার ঘোষণা ও গণমাধ্যমে প্রকাশিত তথ্যের মধ্যে অসংগতি দেখা দিলে ভোট গণনার নিরপেক্ষতা নিয়ে স্বাভাবিকভাবেই সন্দেহ তৈরি হয়।
আসিফ মাহমুদ বলেন, প্রয়োজন হলে পুনরায় গণনা এবং বিস্তারিত যাচাইয়ের মাধ্যমে নির্বাচন কমিশন যেন বিভ্রান্তি দূর করে স্পষ্ট অবস্থান জানায়। এতে জনমনে আস্থা বজায় থাকবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী হবে।